Main Menu

প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দ্বারে দ্বারে ঘুরছেন এক বিধবা

বিশেষ সংবাদদাতা: সিলেটে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দ্বারে-দ্বারে ঘুরছেন নিঃস্ব মুক্তিযোদ্ধা পরিবারের এক বিধবা। দীর্ঘমেয়াদী কিডনীরোগী ওই বিধবার নেই বাড়িঘর, নেই মাথা গোজাবার কোন ঠাঁই। একমাত্র উপার্জনক্ষম ছেলেটিও এ বছরের ১৯মে মারা যায়। এরপর থেকে ভাড়া করা বাসায় থাকা ওই বিধবা তিন মেয়ে ও সদ্যবিধবা পুত্রবধূ নিয়ে মানবেতর দিনযাপন করছেন।
অসহায় ও নিঃস্ব ওই মুক্তিযোদ্ধা পরিবারের বিধবার নাম রোকিয়া বেগম। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খন্ডের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের স্ত্রী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে সব সহায়-সম্পদ এমনকি ভিটেবাড়ি হারিয়ে মারা যান। রেখে যান তিন কন্যা ও একমাত্র পুত্র সন্তান। ঘরবাড়ি হারিয়ে পরিবারটি উঠে ভাড়া করা একটি বাড়িতে। একমাত্র উপার্জনক্ষম ছেলেটি কোন মতে ধরে রেখেছিল পরিবারের হাল। কিন্তু এ বছরের ১৯মে গভীর রাতে এক অনাকাংখিত ঘটনায় তার একমাত্র পুত্রসন্তানটিও মারা যায়। এর পর থেকে মুক্তিযোদ্ধার বিধবা রোকিয়া বেগম সদ্য বিধবা পুত্রবধূ ও তিন মেয়ে নিয়ে মানবেতর দিনযাপন করছেন। বাড়িভাড়া দিতে না পারলে রাস্তায় নামতে বাধ্য তারা।
এমতাবস্থায় তার পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরতে রোকিয়া বেগম প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান। এজন্য তিনি সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদের শরনাপন্ন হয়েছেন। এমপি ইমরান আহমদ দেখা করার জন্য অনরোধক্রমে তার আবেদনে স্বাক্ষর করলেও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ করতে পারছেন না তিনি। তাই তিনি আবেদন নিয়ে এখন দ্বারে দ্বারে ঘুরছেন এবং জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার সুযোগ খোঁজে বেড়াচ্ছেন।

 

Share





Related News

Comments are Closed