Main Menu

সিলেটে কিশোরী ধর্ষণের আসামী সুনামগঞ্জে গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কিশোরী গণধর্ষণ মামলার আসামী হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার রাতে সুনামগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুনামগঞ্জের আরফিন নগর গ্রামের আবদুল আলীমের ছেলে। সিলেট কোতয়ালী থানার উপ-পরিদর্শক ফয়েজ আহমদ ইস্পাহানী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্পাহানির বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। সে যুবলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২২ জুলাই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে এক হিন্দু কিশোরীকে ইস্পাহানী ও তাঁর চারজন সহযোগী অপহরণ করে নিয়ে যায়। গত মঙ্গলবার সুনামগঞ্জ থেকে ওই কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপহরণের পরদিন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়াও এ ঘটনায় গত বুধবার ওই কিশোরীকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দী নেওয়া হয়। জবানবন্দীতে সে জানায়, ইস্পাহানী ও তাঁর সহযোগীরা অপহরণের পর সুনামগঞ্জের একটি নির্জন বাড়িতে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
এদিকে, কিশোরী গণধর্ষণ মামলার আসামী হাসানুজ্জামান ইস্পাহানীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এস আই খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছিল। আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Share





Related News

Comments are Closed