Main Menu

শাবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
শনিবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেন শাবি প্রক্টর মো. জহির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, সংঘর্ষে আহতরা সকলে সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। তারা হলেন- ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অন্তু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাইম, ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মাসুদ এবং সীমান্ত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালের দিকে সিগারেট খাওয়াকে ইস্যু বানিয়ে সাধারণ সম্পাদক ইমরান খানের ২ কর্মীকে মারধর করে যুগ্ম সাধারণ সম্পাদক সবুজের অনুসারীরা। পরবর্তীতে সবুজের কর্মীদের ধাওয়া করে শাবির শাহপরাণ হলে পাঠিয়ে দেয় ইমরান খানের কর্মীরা।
এক পর্যায়ে সবুজের কর্মীরা দেশীয় অস্ত্রসহ শাহ পরাণ হলের সামনে বেরিয়ে আসে। এ সময় হলে অবস্থানরত ইমরান খানের কর্মীদের উপর হামলা করে ৪জনকে আহত করে এবং ইমরান খানের অনুসারিদের ২টি মটরসাইকেল ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।

এবিষয়ে যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, জুনিয়রদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে একটু ঝামেলার সৃষ্টি হয়েছিল এবং পরে সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টির মিটমাট হয়ে গেছে।
সাধারণ সম্পাদক ইমরান খান জানান, অন্তর্কোন্দল থেকেই ঝামেলার সৃষ্টি হয় এবং পরে বিষয়টি সমাধান হয়ে গেছে।

এদিকে, গত ৮ এপ্রিল এসএসসি পাস করা এক ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে আসলে শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের কর্মীরা তাকে যৌন নির্যাতন ও উত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় ক্যাম্পাসে কর্মরত দুই সাংবাদিকের ওপর হামলা চালায় তারা। পরে ১২ এপ্রিল শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদ।

উল্লেখ্য, গত ৮মে ২০১৩ সালে শাবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি এক বছরের মেয়াদে গঠন করা হয়। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ হওয়ার দুই বছর পর ২০১৬ সালের ১০ মে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed