Main Menu

বিএনপি নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপি নেতাকর্মীদের বন্যাউপদ্রুত অঞ্চলে অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, “দেশের উত্তর-পূর্বাঞ্চল এখন বন্যায় ভাসছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা বৃষ্টি ও উজানের পানির ঢলে প্লাবিত। এলাকার মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। প্রধানমন্ত্রী যদিও গতকাল বলেছেন, বানভাসীদের জন্য পর্যাপ্ত ত্রাণ আছে। বাস্তবে বানভাসী মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে।”

তিনি বলেন, “কোনো কোনো এলাকায় খাদ্য, পানি বা চাল না দিয়ে খাওয়ার অনুপযোগী সামান্য কিছু গম দিচ্ছে, যে গম প্রচণ্ড বৃষ্টিতে শুকোতে কিংবা গম ভেঙে খেতেও পারছে না। এটি কি বানভাসী অসহায় মানুষদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে? আসলে লুটপাটের কারণে রাষ্ট্রীয় খাদ্যভাণ্ডরগুলো এখন যে শূন্য সেটি প্রমাণিত হচ্ছে।

রিজভী আরো বলেন, “আজকে গণমাধ্যমে খবর বেরিয়েছে, পাঁচ লাখ টন লবন আমদানি করবে সরকার। দেশের বর্তমান যে অবস্থা তাতে ৭৪ এর দুর্ভিক্ষ আবারো দরজায় নাড়া দিচ্ছে।”

তিনি বিএনপি’র পক্ষ থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বন্যাউপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় ক্ষুধাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Share





Related News

Comments are Closed