Main Menu

ফরহাদ মজহারের খোঁজ মিলছে না

বৈশাখী নিউজ ডেস্ক: লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

রাজধানীর শ্যামলীর আদাবরের নিজ বাড়ি থেকে আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনি বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে পুলিশকে জানিয়েছে তার পারিবার।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, তার স্ত্রী ফরিদা আখতার তাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন যে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। সেই অনুযায়ী তিনি তার স্ত্রীকে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেছেন।

বিপ্লব কুমার বলেন, ফরহাদ মজহারের বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ৫ মিনিটে স্বাভাবিক পোশাক পরে তিনি হেঁটে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। তার পরিবারের তথ্য অনুযায়ী, তিনি সাধারণত ভোরে ঘুম থেকে ওঠেন। এত ভোরে তিনি বাসা থেকে বের হন না। তিনি সাধারণত সকাল ৮টা থেকে ১০টার পরেই বাসার বাইরে যান। কিন্তু তিনি বাসা থেকে বের হওয়ার পর ৫টা ২৯ মিনিটে তার স্ত্রীর মুঠোফোনে ফোন করে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে মেরে ফেলবে।’

বিপ্লব কুমার বলেন, ‘আমরা ফরহাদ মজহারের ফোন ট্র্যাক করে জানতে পেরেছি, কখনো তার অবস্থান আরিচা, ফরিদপুর বা কখনো মাগুরায়। ওনার লোকেশন পরিবর্তন হচ্ছে। আমরা তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

আদাবর থানার উপপরিদর্শক আলি আক্তার জানান, সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের স্ত্রী লোক মারফত তার নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানান।

২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সমালোচক ফরহাদ মজহার বিভিন্ন বক্তব্যের জন্য আলোচিত। ৭০ বছর বয়সী ফরহাদ মজহার নিজেকে মার্কসিস্ট হিসেবে পরিচয় দিলেও হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে গণমাধ্যমের ওপর হামলাকে ‘সঠিক’ বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে পড়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন ফরহাদ মজহার। দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে নয়া কৃষি আন্দোলন শুরু করেন। চিন্তা নামে একটি পত্রিকার সম্পাদক ফরহাদ মজহার সব সময় লুঙ্গি পরে থাকেন, যা নিয়েও রয়েছে আলোচনা।

Share





Related News

Comments are Closed