বিচারপতির গাড়ি চাপায় যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে উল্টোপথ দিয়ে আসা এক বিচারপতির গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন মটরসাইকেল আরোহী এক যুবক। তবে বিচারপতি তখন গাড়িতে ছিলেন না।
রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক জাবিন ফয়সাল (৩২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে কাজ করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, গাড়িটি হাইকোর্ট বিভাগের এক বিচারপতির। চালক কামাল হোসেনসহ গাড়িটি আটক করা হয়েছে।
ঘটনাস্থলের পাশেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চা বিক্রি করেন লাল মিয়া সরদার। তিনি এবং ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের একাধিক সদস্য বলেন, গাড়িটি কাকরাইলের দিক থেকে উল্টো পথে আসছিল।
ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াতের আগে তারা প্রটোকলের জন্য রাস্তায় তখন অবস্থান নিয়েছিলেন। গাড়িটি এ সময় কাকরাইলের দিক থেকে উল্টো পথে আসছিল। মোটরসাইকেল আরোহী যখন শাহবাগ মোড় ঘুরে কাকরাইলের দিকে যাচ্ছিলেন, তখন গাড়িটি তাকে মুখোমুখি ধাক্কা দেয়। ধাক্কায় আরোহী ছিটকে পড়েন আর মোটরসাইকেলটি গাড়ির নিচে ঢুকে পড়ে। পরে রেকার এনে গাড়ি ওপরে তুলে মোটরসাইকেলটি বের করা হয়। তিনি বলেন, দুর্ঘটনার পরও গাড়ির চালক হম্বিতম্বি করছিলেন।
দুর্ঘটনার খবর প্রকাশের পর ওই বিচারপতির এক স্বজন বলেন, “ঘটনার সময় বিচারপতির পরিবারের কোনো সদস্য গাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই আহত যুবককে তাদের তত্ত্বাবধানেই গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালের সংশ্লিষ্টদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
“এছাড়া তারা সব সময় রোগীর খোঁজ-খবর নিচ্ছেন।” তবে রঙ্গন নামে ফয়সলের এক স্বজন বলেন, তারা অন্য কারও কোনো সাহায্য পাচ্ছেন না। নিজেরাই দৌড়াদৌড়ি করছেন।
ফয়সলকে বেশ কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে এই হাসপাতাল থেকে অন্য কোথাও নেওয়া যায় কি না সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed