ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, অর্ধ লাখ মানুষ পানিবন্দি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যায় উপজেলার প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি। এলাকার লোকজন গরু-বাছুর, হাঁস, মুরগিসহ অন্যান্য প্রাণী নিয়ে দুর্ভোগের সাথে দিনাতিপাত করছেন।
শনিবার উপজেলার ভেলকোনা, সুরিখান্দি, সাইল খান্দি, গংগাপুর, ছত্তিস, পিটাইটিক, বাগমারা, ফেঞ্চুগঞ্জ বাজার, ভরাউট, ৯০ মেগাওয়াট, বারহাল, ঘিলাছড়া, খড়িয়া টিলা, পাঠান চক, আটঘর, দিনপুর, চানপুর, দনারামসহ প্রায় ৫০টি গ্রামের মানুষের বাড়িঘরে পানি ঢুকেছে।
বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি দিনদিন মারাত্মক রূপ ধারণ করছে। বর্তমানে উপজেলার প্রায় ৬০ ভাগ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন স্থান তলিয়ে গেছে। বন্যায় শত শত মাছের খামার পানিতে ভেসে গেছে। বর্তমানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় যাদের নৌকা কিংবা কলার ভেলা বাহন হয়ে ওঠেছে। বন্যায় উপজেলার প্রায় সব সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পানিবন্দি এসব মানুষ জানান, আমাদের দুর্ভোগের শেষ নেই। ছেলে বাচ্চা নিয়ে কিভাবে খাবো আর দিন কাটাবো তা কিছুই বুঝতে পারছিনা।
হাকালুকি হাওর সংলগ্ন ঘিলাছড়ার কয়েকজন এলাকাবাসী জানান, আমাদের মাছের খামার পানির সাথে মিশে গেছে। এর আগে পানিতে ফসল গেছে। আমাদের ক্ষতি উপরে ক্ষতি।
ফেঞ্চুগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ব্রিজের নিচ থেকে বাজারের রাস্তায় পানি থাকায় তাদের ব্যবসা বাণিজ্য পুরো স্থবির। রাস্তা ভাঙা থাকায় আরো দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা।
এদিকে, শনিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা প্লাবিত গ্রাম পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। তিনি গণমাধ্যমকে জানান, নদীতীরবর্তী এলাকার গ্রামগুলো প্লাবিত হয়েছে বেশি। বন্যার্ত ব্যক্তিদের সহায়তায় তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২৭ মেট্রিক টন চাল ও ২ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রয়োজনে এ সহায়তা আরও বাড়ানো হবে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী জানান, ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা বৃষ্টির কারণে বরাক নদীতে পানি বেড়ে যাওয়ায় বরাকের শাখা নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
“নদীর পানি তীর উপচে প্রবেশ করেছে লোকালয়ে। ফলে সুরমা ও কুশিয়ারা অববাহিকায় নদীর তীরের গ্রামগুলো তলিয়ে গেছে বন্যার পানিতে।”
সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার অর্ধশতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি শনিবার সকাল থেকে দিনভর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা নৌকায় ও পায়ে হেঁটে পরিদর্শন করেন। তিনি চন্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি পশ্চিম বাজার থেকে ডাকবাংলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দেখতে পরিদর্শন করেন।
এর আগে এমপি মাহমুদ উস্ সামাদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে খামারিদের মাঝে হাঁস, মুরগি, গরু, ছাগলের জন্য পশু খাদ্য, ঔষুধ ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা নিবার্হী অফিসার হুরে জান্নাত, সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হুসেন, ফেঞ্চুগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমাপদ দে আওয়ামীলীগ নেতা আব্দুল হাই খছরু, মঈন উদ্দীন, আতাউর রহমান রুনু, আব্দুল আউয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আরকাম হুসেন, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুরাদ, আওয়ামীলীগ নেতা জিল্লু রহমান, রোকমান আলী, শিক্ষক কাঞ্চন চন্দ্র দেব, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি, শাহাজাহান শাহ্, মাশার আহমদ শাহ্, মিজানুর রহমান জুয়ের, তৈয়বুর রহমান শাহিন, জুলহাস আহমদ, পারভেছ আহমদ, দিদারুল আলম নিমু, জুনেদ আহমদ, শেখ মোমিনুল হাসান, নাহিদ সুলতান পাশা, জুনেল আহমদ, ইমন আহমদ, জাবেদুর রহমান ডেনেস, জুবের সনি, শিহাব, মুহিত, ফাহিম, শিমুল, সানি, আব্দুল, ইছন, নগেন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed