Main Menu

ইসকন সিলেটের রথযাত্রা উৎসব রোববার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ২৫ জুন রোববার থেকে শুরু হচ্ছে।
৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে রথযাত্রা উৎসব শেষ হবে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রথযাত্রার প্রথম দিন রোববার দুপুর ১২টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধক হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আলোচনা সভার পরে ইসকন সিলেট মন্দির হতে ৩টি ফোল্ডিংরথ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসকন সিলেটে এসে সমাপ্তি ঘটবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছেন বিশ্ব আর নাথ হচ্ছেন ইশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীব রুপে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। এ বিশ্বাসকে কেন্দ্র করেই রথের উপর জগন্নাথদেবের বিগ্রহ রেখে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা অনুষ্ঠান করে থাকেন। এ উপলক্ষ্যে ইসকন সিলেটে রোববার সকাল ১০টায় বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের মধ্যে রয়েছে হরিণাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গলকামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবতকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী এবং ধর্মীয় নাটক প্রদর্শন।
ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী জানান, রথযাত্রা উৎসবকে প্রাণবন্ত করতে ইতোমধ্যেই সকল ধরণের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরের দিকে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে রথযাত্রা আয়োজক কমিটির আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক পাহারায় থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। রথযাত্রা উপলক্ষ্যে ইসকন সিলেটের নেতৃবৃন্দ ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্থরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed