Main Menu

সিলেটে পবিত্র শবেকদর পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সিলেটে পবিত্র শবেকদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ২৭ রমজানের পূর্বরাত হওয়ায় শবেকদর পালিত হয়েছে। মুসলিম সম্প্রদায়ের কাছে শবেকদর একটি মহিমান্বিত রাত। হাজার মাসের চেয়েও উত্তম এ রাত। এই সেই রাত, যে রাতে পবিত্র কোরআনের পূর্ণ একটি সূরা ‘আল-কদর’ অবতীর্ণ হয়।
এসব গুরুত্ব বিবেচনা করে প্রত্যেক মুসলমান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দান-খয়রাতের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেন।
পবিত্র শবেকদর উপলক্ষে বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর সব মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
বিশেষ করে, তারাবির নামাজের পর মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ আদায় করে সেহরীর আগে বাসায় ফেরেন। অনেক মুসল্লি কবরস্থানে গিয়ে বাবা-মা, আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করেন।
একইসঙ্গে জুমাতুল বিদা ও শবেকদর হওয়ায় রহমত, মাগফেরাত ও নাজাতের মাসে মুসলমানদের জন্য ছিল এক দুর্লভ প্রাপ্তি। দুটি ইবাদতের ও অধিক সওয়াব অর্জনের দিবস। হজরত মুহাম্মদ (সা.) রমজানের গোটা শেষ দশকেই শবেকদর অনুসন্ধান করতেন। ইতিকাফ করতেন। অপেক্ষাকৃত অধিক ইবাদত করতেন।
হজরত আয়েশা (রা.) ইরশাদ করেন, রমজানের শেষ দশকে হজরত মুহাম্মদ (সা.) এত অধিক ইবাদত করতেন যা অন্য সময় করতেন না।
হাদীসের ব্যাখ্যা অনুযায়ী, রমজানের শেষ দশ দিনের মধ্যে বেজোড় সংখ্যার রাতে শবেকদর অনুসন্ধান করার তাগিদ দেয়া হয়েছে। তবে অধিকাংশ হাদিস বিশেষজ্ঞরাই ২৭ রমজানের পূর্ব রাতকেই শবেকদরের রাত হিসেবে আখ্যায়িত করে তা যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছেন।

 

Share





Related News

Comments are Closed