Main Menu

কুমিল্লায় ইমামসহ ৩ জন নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লক্ষ্মীপুরের চকবাজার জামে মসজিদের ইমাম ও মাদ্রাসা অধ্যক্ষ মুফতী মাওলানা মুশতাকুন্নবী ও তার গাড়ির চালকসহ ৩ জন নিখোঁজ হয়েছেন।

গত ২৪ মে বুধবার রাত সাড়ে ১২টার দিকে তারা নিখোঁজ হন। এ ব্যাপারে কুমিল্লা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মুশতাকুন্নবীর ভাই এমদাদ হোসেন শরীফ জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুধন্যপুর মাদরাসার অধ্যক্ষ ও লক্ষ্মীপুরের চকবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুশতাকুন্নবী কাশেমী বুধবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে একটি ওয়াজ মাহফিল শেষে তার সহযোগী ছাত্র খায়রুল ইসলাম ও গাড়ি চালক মো. মাসুদসহ ৩ জন একটি প্রাইভেটকারে (চট্র মেট্রো-গ-১১-২০৭৮) করে কুমিল্লার উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজনের সঙ্গে মুশতাকুন্নবীর কথা হয়েছিল, তখন তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে ছিলেন। এরপর থেকে তার মোবাইলসহ অন্যদের মোবাইল ফোনও বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা।

পরে বৃহস্পতিবার সকাল থেকে খোঁজাখুঁজি শুরু হয়। কোন সন্ধান না পেয়ে বিকেলে নিখোঁজ মুশতাকুন্নবীর ঘনিষ্ঠজন ও সুধন্যপুর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিকুল ইসলাম জেলা সদর থানায় জিডি করেন।

শুক্রবার রাতে মুশতাকুন্নবীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা লেনদেন ও প্রশাসনকে না জানাতে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন শরীফ।

এদিকে, মুফতি মাওলানা মুশতাকুন্নবী, গাড়ী চালক মাসুদ ও খাদেম খায়রুল ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জমিয়তে ওলামায় ইসলাম ২৫ মে কুমিল্লায় সংবাদ সম্মেলন করেছিলেন।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মুফতি মাওলানা মুশতাকুন্নবী কাশেমীসহ নিখোঁজদের খুঁজে বের করতে তাদের চেষ্টা অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed