ফেসবুক বন্ধের দাবি জানালেন এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শরীয়াহ আন্দোলন’ নামের একটি দল আয়োজিত ‘নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থা সন্ত্রাসের জন্মদাতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
সভায় এরশাদ বলেন, ‘শিশুরা মোবাইল আর ফেসবুকে আসক্ত। শিক্ষক ক্লাস নিচ্ছে, আর ছাত্ররা পিছনে বসে ইন্টারনেটে পর্নো ছবি দেখছে। ইন্টারনেট আর ফেসবুক বন্ধ করতে হবে। যে পথে শিশুরা ধাবিত হচ্ছে তা জাতির জন্য অশনিসংকেত। শিক্ষকরা ছাত্রদের দিয়ে নকল করায়। গরু হোক আর গাধা হোক এ প্লাস পেতে হবে। সর্বত্র অব্যবস্থাপনা চলছে।’
বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ও লোডশেডিংয়ের জন্য সরকারকে দায়ী করে এরশাদ বলেন, ‘রমজান আসছে। বিদ্যুতের কী অবস্থা! সেহেরী ও ইফতারির সময় বিদ্যুৎ বিভ্রাট হলে মানুষের ভোগান্তির শেষ থাকবে না।’
মূলধারার ধর্মভিত্তিক দলগুলো জোটে না আসায় হতাশা প্রকাশ করে এরশাদ বলেন, ‘সব ইসলামী দল এখনও আমাদের সাথে আসেনি। কীসের দ্বিধা? আমি ইসলামের জন্য অনেক কিছু করেছি। ইসলামের বিরুদ্ধে কথা বললে সহ্য করব না। আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ইসলামে বিধান রয়েছে, হত্যা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এ বিধান কার্যকর না হওয়ায় খুনিরা আজ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ধর্ষণকারীরা উল্টো দম্ভ প্রকাশ করছে’
দেশকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ও ইসলাম প্রতিষ্ঠায় সব ইসলামী দলকে জাপার জোটে আসার আহ্বান জানান এরশাদ। অনৈক্যের কারণে ইসলামপন্থীরা নিপীড়নের শিকার হচ্ছেন এ অভিযোগ করে তিনি বলেন, ‘আজ ইসলামের কথা বললে, কুরআন-রাসূলের কথা বললে আমরা মৌলবাদী। নাস্তিকরা যদি নবী-রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা মৌলবাদী নয়।’
শরীয়াহ আন্দোলনের আমির মুফতি রফিবুন্নবীর হক্কানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, মাওলানা আব্দুল লতিফ চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।
গত ৫ মে এরশাদের নেতৃত্বে ৫৮ দলের ‘ঢাউস’ জোট আত্মপ্রকাশ করে। জোটে জাপাসহ নিবন্ধিত দলের সংখ্যা মাত্র একটি। ৩৬টি নাম সর্বস্ব ‘ধর্মভিত্তিক’ দল এরশাদের জোটে যোগ দিয়েছে। এর মাত্র একটি নিবন্ধিত। বাকিদের ভোটের মাঠে অস্তিত্ব নেই।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed