Main Menu

গোলাপগঞ্জে বিআইডিসি’র সেচপ্রকল্পে ডাকাতি, ৫ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে বিআইডিসি’র সেচ প্রকল্পে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার (১০মে) ভোররাত ৩টার দিকে তুরুকবাগ নামক স্থানে এ ডাকাতি সংঘটিত হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিআইডিসি গোলাপগঞ্জ বাঘা ইউনিয়নের হাতিমনগর-১ ও হাতিমনগর-২ প্রকল্পের তুরুকবাগ সেচ প্রকল্পের সেক্রেটারী মো. আনছার আলী জানান, প্রকল্পের পাওয়ার পাম্প ও ট্রান্সমিটারসহ সরঞ্জামাদি পাহারার দায়িত্বে নিয়োজিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগের জনৈক শামীম আহমদ। বুধবার ভোররাত তিনটার দিকে ১০/১২ জনের একদল ডাকাত আকস্মিক প্রকল্প এলাকায় হানা দেয়। ডাকাতরা পাহারাদার শামীমকে মারপিট করে গুরুতর আহত করে হাত-পা বেধে ফেলে রেখে সেচ প্রকল্পের ২ লাখ টাকা মূল্যের ২টি পাওয়ার পাম্প, ৩ লাখ টাকা মূল্যের ৩টি ট্রান্সমিটার ও পাহারাদারের মোবাইল ফোন নিয়ে যায় । এসময় অপর একটি মেশিন রাস্তায় ফেলে চলে যায় ডাকাতদল। সকালে স্থানীয় লোকজন পাহারাদার শামীমকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে প্রকল্পের সেক্রেটারীকে খবর দেন। পরে গুরুতর আহত অবস্তায় পাহারাদার শামীমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় প্রকল্পের সেক্রেটারী মো. আনছার আলী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুক হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed