Main Menu

সিলেটে ১০ লাখ টাকা ছিনতাইয়ে পুলিশ কনস্টেবলের স্বীকারোক্তি

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর শিবগঞ্জ থেকে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কনস্টেবল অসীম দেব (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
মঙ্গলবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো: মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
গত ১২ এপ্রিল বুধবার সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁর পুলে পাথর ব্যবসায়ী হাজী হরমত উল্যাহর ১০ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এসএমপি’র শাহপরান থানা পুলিশের একটি দল শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অসীম দেব এর বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত টেন্ডার শাহিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে এমসি কলেজের ছাত্র ছালিম ও শোয়েব নামের দুজনও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।
শাহপরান থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত অসীম গত ফেব্রুয়ারিতে ছুটি নিয়ে আসার পর আর কর্মস্থলে যোগদান করেনি। ছুটি কাটাতে এসে সে অন্য ছিনতাইকারীদের সঙ্গে মিলে ওই ছিনতাইয়ের ঘটনায় অংশ নেয়। শাহপরান থানা পুলিশ গত সোমবার রাতে কৌশলে তাকে নগরীর উপশহর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Share





Related News

Comments are Closed