আই পি এল জুয়ায় ভাসছে ঠাকুরগাঁও!
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শেষ হয়েছে কিছুদিন আগে। এরপর শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই খেলাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা শহরে বসছে জমজমাট জুয়ার আসর।
ঠাকুরগাঁও শহরের স্বনামধন্য ক্লাব, শহরের কিছু মোড়, রেস্টুরেন্ট থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান ও খেলার মাঠে সন্ধ্যা নামলেই শুরু হয়ে যায় আইপিএল নিয়ে হৈ-হুল্লোড়, হট্টগোল এসবের পাশাপাশি বাজি ধরার নামে চলছে জুয়া।
মূলত, দুই বাংলাদেশী ক্রিকেট তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সে এবং কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদে খেলার কারণে ভিনদেশী এই ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগ নিয়ে আগ্রহের কমতি নেই ঠাকুরগাঁওবাসীর মাঝে। আর তাই সাকিব, মুস্তাফিজ ম্যাচে খেলবে কিনা এ নিয়েও চলছে জুয়া। একইসাথে অন্যান্য দলগুলোর তুলনায় সাকিবের দল কলকাতা ও মুস্তাফিজের দল হায়দরাবাদের ম্যাচগুলোতে জুয়া হচ্ছে পাঁচ থেকে দশগুণ বেশি।
সরেজমিনে ঠাকুরগাঁও জেলা সদরের সরকারপাড়া, হাজীপাড়া, শান্তিনগর, গোয়ালপাড়া, ফকিরপাড়া, আশ্রমপাড়া, কালিবাড়ি ,খানকা, হলপাড়া, কলেজপাড়ায় গিয়ে দেখা যায় আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত নির্বিঘ্নে চলছে এই জুয়া খেলা। আর এই জুয়া খেলার ধরনটি হয় মূলত ওভার, ইনিংস বা ম্যাচভিত্তিক। প্রায় সব বয়সী ছেলে-যুবকেরা এই জুয়ায় অংশ নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাজিকর জানান, ‘বর্তমান সময়ে খেলাধুলা মানেই বাজি ধরাধরি। বিপিএল, আইপিএল, ফুটবলসহ প্রায় সব ধরণের খেলায় সে বিভিন্নজনের সাথে বাজি ধরে। কখনও টাকা আসে, কখন চলে যায়। এতে করে সে একটা অন্যরকম আনন্দ পায়।’
শুধু ঠাকুরগাঁও জেলা নয় রাজধানীসহ সারাদেশে অবলীলায় অংশ নিচ্ছে জুয়াড়িরা। যোগাযোগ হচ্ছে মোবাইল ফোনে, লেনদেন হচ্ছে বিকাশে। তবে পাড়ার অলিগলিতে স্ক্রিন লাগিয়ে ও টিভিতে টাকা হাতবদল হচ্ছে সরাসরিই। প্রতিটি ম্যাচের প্রত্যেক বলে চলছে এসব জুয়া। এখন আইপিএল জুয়াকেই পেশা হিসেবে নিয়েছে কেউ কেউ। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসকসহ নানা পেশার মানুষও মেতেছে এসব জুয়া খেলায়। প্রতিদিন লেনদেন হচ্ছে ২০ কোটি টাকারও বেশি। জুয়ার টাকা দিতে না পারায় ঘটেছে আত্মহত্যার ঘটনাও। টাকার অভাবে কেউ কেউ দামি মোবাইল ফোন, ল্যাপটপ, মোটরসাইকেল, স্ত্রীর সোনার গহনাসহ নানা দামি জিনিসপত্র বন্ধকও রাখছে। এর পরও এসব বিষয়ে নীরব রয়েছে প্রশাসন।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed