Main Menu

অপি করিম’র জন্মদিন আজ

বৈশাখী নিউজ ডেস্ক: ‘রক্তকরবী’র নন্দিনী হিসেবে পরিচিত অপি করিম। প্রশংসিত হয়েছেন উপস্থাপনা ও মডেলিংয়েও। আজ ১ মে এই দর্শক নন্দিনীর জন্মদিন।

রবিবার দিবাগত রাত ১২টার পর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। পরিবার, বন্ধু-স্বজনরা তাকে সরাসরি ও মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানালেন অপি।

অপি বলেন, ‘একটা সময় জন্মদিন অনেক আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে আসত। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। এখন জন্মদিন অনেককিছু ভাবায়, উপলব্দি করায়। জীবনটাকে সফল করতে চাই। বেঁচে থাকাটাকে উপভোগ্য করতে চাই। দোয়া ও ভালোবাসা চাই সবার।’

উপস্থাপনা ও নাচেও অপি করিম মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকদের মাঝে। প্রায় সময়ই বিশেষ দিনগুলোতে নানা অনুষ্ঠানে নাচে অংশ নেন তিনি।

অপি কাজ করেছেন চলচ্চিত্রেও। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছবিতে তার অভিনয় আজও দর্শককে বিমোহিত করে।

এদিকে মঞ্চ দর্শকদের মাঝেও অপি সমানভাবে আলোচিত। মঞ্চ নাটকের জনপ্রিয় দল নাগরিক নাট্য সম্প্রদায়ের একজন কর্মী অপি করিম।

অপি ১৯৭৯ সালের আজকের এই দিনে ঢাকাতেই জন্মগ্রহণ করেন। তার পুরো নাম সৈয়দা তুহিন আরা অপি করিম। বুয়েটে শিক্ষাজীবন শেষ করেছেন তিনি। তবে ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চায় মনোযোগী ছিলেন। মাত্র আড়াই বছর বয়সে জনপ্রিয় টিভি নাটক ‘সকাল-সন্ধ্যা’র পারুলী চরিত্রটিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর বিরতি দিয়ে দিয়ে তিনি কাজ করেছেন মিডিয়াতে। দুরন্ত কৈশোরে পা দেওয়ার আগেই অপি অভিনয় করেন ‘শুকতারা’ ও ‘আপনজন’র মতো বিটিভির জনপ্রিয় দুটি ধারাবাহিকে।
আসছে রোজা ঈদে কিছু নাটকে দেখা মিলবে অপি করিমের।

Share





Related News

Comments are Closed