Main Menu

কানাইঘাটের রকিব হত্যায় দুই সহোদরের কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে বৃদ্ধ হাফিজ আব্দুর রকিব হত্যা মামলায় দুই সহোদরের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিলেটের কানাইঘাট থানার দলইমাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নূরুল আমিন (২৪) ও তার ভাই হারুন (২৩)।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ. এম. জুলফিকার হায়াত এ রায় প্রদান করেন। একই সাথে ওই মামলায় তাদের পিতাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২ আগষ্ট আব্দুর রকিবের বাড়ি থেকে বাঁশ চুরি যাওয়াকে কেন্দ্র করে আসামীদের সাথে বাকবিতন্ডা হয়। এর জেরে ওই দিন বিকেলে দলইমাটি দক্ষিণ পুরাতন ডাইকের কাছে তাকে দেশীয় অস্ত্র দা, রামদা ও রড দিয়ে অর্তকিত হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় তারা। ঘটনার ১৯দিন পর ২১ আগষ্ট সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মুফিজ উদ্দিন বাদি হয়ে তাদের ৩ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৬ (০৩-০৮-১১)।
দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ১৩ জানুয়ারী মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করার পর ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারী থেকে আদালত বিচারকায্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নূরুল আমিনকে দন্ডবিধির ৩০৪ (প্রথম অংশ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড এবং হারুনকে ৩২৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট নিজাম উদ্দিন ও আসামীপক্ষে এডভোকেট সৈয়দ গোলাম রশিদ মামলাটি পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed