Main Menu

বিশ্বনাথে আ.লীগের দুপক্ষে উক্তেজনা : ১৪৪ ধারা জারি

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০টায় এই ১৪৪ ধারা জারি করা হয়।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বেলা দুইটায় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা একই সময়ে পাল্টাপাল্টি মিছিল আহ্বান করে। এসময় যেনো কোনো ধরণের সংঘর্ষ না বাধে এজন্য ১৪৪ জারি করা হয়েছে।
এদিকে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে আওয়ামী লীগের দুই গ্রুপ বুধবার একই সময়ে উপজেলা সদরের পাল্টাপাল্টি মিছিলের ডাক দিয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফখরুল ইসলাম মতছিনসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বেলা ২টায় উপজেলা সদরে মিছিলের ডাক দিয়েছেন বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।
অপরদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দে ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে বুধবার বেলা ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ বক্ল সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়া হয়েছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা সদরের পুরানবাজার ও নতুনবাজারের আশপাশ এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

Share





Related News

Comments are Closed