Main Menu

সিলেট বিস্ফোরণে নিহত দুই পুলিশের স্বজনদের ৪৮ লাখ টাকা অনুদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার গোটাটিকরে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে ২৪ লাখ করে ৪৮ লাখ টাকার অনুদান দিয়েছে পুলিশ। রোববার দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে অনুদান তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
সাম্প্রতিককালে দেশব্যাপী জঙ্গি দমন অপারেশনে নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ওই অনুদানের মধ্যে ২০ লাখ করে দুই পরিবারকে ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে বাংলাদেশ পুলিশ। আর সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা দেওয়া হয়।
নিহত পুলিশ পরিদর্শক আবু কয়ছর চৌধুরীর স্ত্রী ছায়রা ফারহান চৌধুরী লোপাকে ২৪ লাখ টাকা এবং নিহত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামের স্ত্রী ফারভীন আক্তারকে ১২ লাখ ও তার মা ফিরোজা খানমকে ১২ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন আইজি।
শিববাড়ি জঙ্গি অভিযানে আহত সাতজন পুলিশ সদস্যকেও আর্থিক অনুদান দেয়া হয়। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সায়েম মাহমুদ, পরিদর্শক শাহ হারুন, সহকারী উপরিদর্শক জনি লাল দে, কনস্টেবল আসিফ, আবদুস সালাম।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে হীনস্বার্থ চরিতার্থ করাই জঙ্গিদের লক্ষ্য। এ দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। তাই পবিত্র কোরআন-হাদিসের মনগড়া ব্যাখ্যা দিয়ে দেশের চিরায়ত শক্তি, স্থিতিশীলতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নষ্ট করা যাবে না।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু কয়ছর চৌধুরী ১৯৯১ সালে উপপরিদর্শক (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সর্বশেষ আদালত পুলিশের পরিদর্শক হিসেবে তিনি সিলেট মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
২০০৪ সালে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) পদে যোগ দেন পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম। মৃত্যুকালে তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আসমা বেগম রিটার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক প্রশাসন মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) মো. মঈনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।

Share





Related News

Comments are Closed