Main Menu

আরিফ, গৌছ ও বুলবুলকে মেয়রের দায়িত্ব প্রদানের দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, কেন্দ্রীয় বিএনপি নেতা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌছ ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল জনগণের ভোটে নির্বাচিত তিন জনপ্রতিনিধি পুনরায় দায়িত্ব গ্রহণের পর আবারও বরখাস্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রবীণ এই বিএনপি নেতা বলেন, আরিফুল হক চৌধুরী, জি কে গৌছ ও মোছাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হওয়ার পর নিজ নিজ নগরের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদের গৃহীত উন্নয়ন পরিকল্পনা ও কাজ সিলেট, হবিগঞ্জ ও রাজশাহী সহ সারা দেশে প্রশংসিত হয়। কিন্তু সরকার বিএনপি থেকে নির্বাচিত সকল মেয়রদের কর্মউদ্যম ও জনপ্রিয়তাকে ভয় পেয়ে ষড়যন্ত্র মূলক ভাবে বার বার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে বরখাস্ত করেছে।

তিনি রোববার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি উপরোক্ত কথাগুলো বলেন।

এম এ হক আরো বলেন, আইনিভাবে মোকাবেলা করে আরিফুল হক চৌধুরী, জি কে গৌছ ও মোসাদ্দেক হোসেন বুলবুল যখন উচ্চ আদালতের রায় নিয়ে নিজ নিজ মেয়রের চেয়ারে বসেছেন। ঠিক তার কয়েক দিন, মিনিট ও ঘন্টার পর আবারও তাদের বরখাস্ত করে সরকার প্রমাণ করেছে তারা বিরোধী দল দমনে ও গণতন্ত্র হরণে সক্রিয় হয়ে কাজ করছে।
সরকারের এমন আচরণে সিলেট, হবিগঞ্জ ও রাজশাহী নগরবাসী মর্মাহত ও আশাহত হয়েছেন জানিয়ে এম এ হক বলেন, সকল অপকর্মর জবাব দিতে জনগণ প্রস্তুর রয়েছে। সুযোগ বুঝে জনগণ সঠিক জবাব দেবে। আরিফুল হক চৌধুরী, জি কে গৌছ ও মোসাদ্দেক হোসেন বুলবুল কে দ্রুত মেয়র পদ ফিরিয়ে দেয়ারও দাবি জানান তিনি।

Share





Related News

Comments are Closed