Main Menu

আতিয়া মহল সংলগ্ন ২০ গ্রামের মানুষ গৃহবন্দি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল সংলগ্ন ২০ গ্রামের মানুষ অন্তহীন আতঙ্কে। কি ঘটছে কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। আতিয়া মহল সংলগ্ন গ্রামগুলিতে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন। ফলে গণমাধ্যমের খবরও তারা জানতে পারছেন না। গত ৫দিন ধরে বিদ্যুতহীন অবস্থায় রয়েছেন এলাকার মানুষ। চলাচলেও নিষেধাজ্ঞা থাকায় সংবাদপত্র হকাররাও ঐ এলাকায় যাচ্ছেনা। এক ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। পুবদিকে কুচাই, পশ্চিমে বরইকান্দি, দক্ষিণে মোগলাবাজার এলাকা পর্যন্ত মানুষ অনেকটা গৃহবন্দী।

শিববাড়ি এলাকার আতিয়া মহল ঘিরে মঙ্গলবার পঞ্চম দিনের মতো সেনাবাহিনীর অভিযান চলছে।

এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃংখলাবাহিনী। আতিয়া মহলকে ঘিরে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। এছাড়া গত শনিবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬জন নিহত ও ৪০ জন আহত হওয়ার পর থেকে ওই এলাকায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে হ্যান্ড মাইকে এ ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর সাংবাদিকদের ওই এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পর পর ৪টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর বিকেল ৫টা পর্যন্ত আর কোনো গুলি বা বিস্ফোরনের শব্দ পাওয়া যায়নি।

আতিয়া মহলে গত শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের নেতৃত্বে অপারেশন টোয়াইলাইট অভিযান শুরু হয়। অভিযানে ৪র্থ দিনে সোমবার সন্ধ্যায় চার জঙ্গি নিহতের খবর জানায় সেনাবাহিনী। এরমধ্যে ৩জন পুরুষ ও একজন নারী রয়েছে বলে জানানো হয়। এর আগে শনিবার দুপুরের মধ্যে আতিয়া মহলে আটকে পড়া নারী শিশুসহ ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করে আনে সেনা কমান্ডোরা।

Share





Related News

Comments are Closed