Main Menu

মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা’ বুধবার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অন্যতম মণিপুরীদের বর্ণময় সংস্কৃতির নানা বর্ণবৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতিও আছে। ‘মলিয়াকুম’ নামের এই চান্দ্র বর্ষের হিসেবে বুধবার (২৯ মার্চ) থেকে শুরু হবে ৩৪১৫তম বর্ষ। মণিপুরী সনের নববর্ষের এই দিনে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী ক্রীড়া ও সংস্কৃতির বর্ণময় পরিবেশনার মাধ্যমে মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে কাংশং প্রাঙ্গণে উদযাপিত হবে মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। বহু জাতি, বহু সংস্কৃতির এই দেশে মণিপুরী জাতি তার সংস্কৃতির বর্ণবৈচিত্র্য নিয়ে আছে। ‘চৈরাউবা’ বা মণিপুরী নববর্ষ উৎসব তারই এক অনন্য দৃষ্টান্ত।
মণিপুরী নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি কবি এ কে শেরাম ও সাধারণ সম্পাদক কবি সনাতন হামোম জানান, বুধবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে মণিপুরী যুবক-যুবতীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘কাং খেলা’, কড়ি খেলা, বনদেবতার পূজো, ঐতিহ্যবাহী লোকনৃত্যের পরিবেশনা ‘থাবল চোংবী’ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বুধবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (যুগ্ম সচিব) মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, ৮ এপিবিএন ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান শেলী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এইচ তনুবাবু।

Share





Related News

Comments are Closed