Main Menu

আতিয়া মহল থেকে উদ্ধার দুটি লাশ মর্জিনা ও কাউসারের বলে ধারণা, ডিএনএ সংগ্রহ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া দুটি লাশ মর্জিনা ও কাউসার আলীর বলে ধারণা করছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, বিভিন্ন মাধ্যম থেকে তারা খবর পাচ্ছেন- এ নামেই এরা বাসায় ভাড়াটিয়া হিসাবে প্রবেশ করেছিল। ভাড়া নেয়ার সময় মর্জিনা নামের একটি আইডি কার্ডও তারা জমা দেয়। পুলিশ জানায়, এটা মর্জিনার আসল আইডি কার্ড নাকি ভুয়া কার্ড-তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুই জঙ্গির প্রকৃত পরিচয় বের করারও চেষ্টা চালানো হচ্ছে।
সোমবার সন্ধ্যায় সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আতিয়া মহলে জঙ্গি হামলায় এক নারীসহ চার জঙ্গির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের লাশ সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুজনের লাশ এখনো জঙ্গি আস্তানায় পড়ে রয়েছে। তাদের শরীরে সুইসাইডাল ভেস্ট লাগানো থাকায় তাদেরকে উদ্ধারে সময় নেয়া হচ্ছে বলে জানান ব্রিগেডিয়ার ফখরুল। তিনি এও জানান, জঙ্গি আস্তানার ভেতরে আর কোন জঙ্গি নেই। তবে, কেউ হঠাৎ আবির্ভূত হলে সংশ্লিষ্টদের প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানিয়েছেন, লাশ দুটি ওসমানী হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।
এদিকে, আতিয়া মহলের নিচতলা থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের উদ্ধার করা দুটি মরদেহের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মোগলাবাজার থানা পুলিশ তাদের সুরতহাল রিপোর্টও তৈরী করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজে তাদের ময়না তদন্ত হবে। তিনি জানান, উদ্ধার করা দুটো লাশের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

Share





Related News

Comments are Closed