Main Menu

প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে জঙ্গি রিপনের আবেদন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা ও পুলিশসহ তিনজনের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠিকভাবে প্রাণভিক্ষার আবেদন করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রিপন কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে প্রাণভিক্ষার আবেদন করেন।
সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন তার কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। এটি যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজের ষষ্ঠদিনে রিপন প্রাণভিক্ষার এ আবেদন করলেন।
গত ১৯ মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আসামিদের রিভিউ খারিজ করে মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা এই মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেন।
ওই রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল হাইকোর্টে জেল আপিল করেন। শুনানি শেষে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হজরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করে সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় পুলিশসহ তিনজন নিহত হন।

Share





Related News

Comments are Closed