Main Menu

আতিয়া মহলে আটকে পড়াদের উদ্ধার করছে সেনাবাহিনী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় ‘আতিয়া মহল’- এ অভিযান চলছে। শনিবার সকাল ৮ টা ৪৬ মিনিটে শুরু হওয়া এই অভিযানে কেবল সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা অংশ নিয়েছেন। আর বাড়ির বাইরে অবস্থান করছেন পুলিশ, সোয়াত ও র‌্যাব সদস্যরা।

বাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে প্রথমেই আটকে পড়া বাসিন্দারে উদ্ধার প্রক্রিয়া শুরু করেন প্যারাকমান্ডোরা। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটির চতুর্থ তলা থেকে ২০জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দীর জানান, ‘এই মুহূর্তে আতিয়া মহল সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান পরিচালনা করছেন।’

অভিযানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা অংশ নিয়েছেন। তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন।

বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন পুলিশ, সোয়াত সদস্যরা। আর্মি ইন্টিলেজেন্সর পক্ষ থেকে সকাল ৯টা ৩৫ মিনিটের সময় ব্রিফিং করে বিষয়টি জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে ফেলে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে অভিযান পরিচালনার জন্য শনিবার বিকেলে ঢাকা থেকে সোয়াট টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে নেতৃত্ব দিতে সিলেটে পৌঁছান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed