Main Menu

আতিয়া মহলে রাতে শুরু হয়নি অভিযান, সিসিটিসি’র প্রধান মনিরুল সিলেটে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলের ‘জঙ্গি আস্তানায়’ শুক্রবার রাতে অভিযান শুরু হয়নি। এদিকে জঙ্গি আস্তানার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে এসেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে একটি সাদা রংয়ের গাড়িতে করে তিনি ঘটনাস্থলে পৌঁছান।
শুক্রবার দিনভর পুলিশের আহ্বানের পরও আত্মসমর্পণে সাড়া না দেওয়ায় সোয়াত সদস্যদের সঙ্গে অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যদের তলব করা হয়। প্যারা-কমান্ডো ইউনিট ও সোয়াত সদস্যরা বাসার চারপাশে অবস্থান নিয়েছেন। অভিযান চালাতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে যৌথ বাহিনী। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।
সিসিটিসির এসিস্ট্যান্ট কমিশনার রহমত উল্যাহ চৌধুরী সুমন শুক্রবার মধ্যরাতে সাংবাদিকদের জানিয়েছিলেন, সংস্থাটির প্রধান মনিরুল ইসলাম সিলেটে আসার পর সিসিটিসি এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের সহযোগিতায় যৌথ অভিযান শুরু হতে পারে। রাতে অভিযান চালালে ক্ষয়-ক্ষতি বেশী হতে পারে এ কারণে শনিবার ভোর বেলা অভিযান চালানো হবে বলে জানিয়েছিলেন রহমত উল্যাহ। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত। জঙ্গীরা কখনো পালায় না বলেও জানান তিনি। তিনি জানান, সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং সোয়াত টিম অভিযানের কৌশল নির্ধারণ করছে। তিনি বলেন, সোয়াত টিম এ অভিযান পরিচালনা করতে পারতো। অভিযানটি যাতে আরো সুচারু রুপে সম্পাদন করা যায়- সিনিয়র অফিসারদের পরামর্শে প্যারা কমান্ডোর সহযোগিতা নেয়া হচ্ছে।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা থেকে শিববাড়ির আতিয়া মহলটি ঘিরে রেখেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বিকেল ৩টা ৫১ মিনিটে সেখানে সোয়াত টিম এসে পৌঁছে। আর রাত ৭টা ৫০ মিনিটে জালালাবাদ সেনানিবাস থেকে একটি প্যারা কমান্ডো টিম অভিযানে অংশ নেয়।
এদিকে, উদ্বেগ, উৎকণ্ঠায় পেরিয়ে গেছে পুরো রাত। কিন্তু শনিবার সকাল ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান শুরু হয়নি শিববাড়ির আতিয়া মহলের ‘জঙ্গি আস্তানা’য়। শুক্রবার রাতের যে কোনো সময় অভিযান হতে পারে, এমনটাই মনে করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সে আভাস দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত অভিযান শুরু হয়নি।

Share





Related News

Comments are Closed