জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল’ নামে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। পাঁচতলা বাড়িটির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, পুলিশও গুলি চালাচ্ছে।
আতিয়া মহল নামের বাড়িটি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত প্রায় সাড়ে ৪টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটির সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে, সকাল সোয়া ১০টায় এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। তিনি বলেন, ওই বাড়িতে নারী জঙ্গিসহ একাধিক জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবে ঠিক কতো জন জঙ্গি আছে, তা এই মুহুর্তে বলা যাবে না।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের আত্মসমর্পণে বাধ্য করতে। তিনি আরো বলেন, জঙ্গিরা যদি আত্মসর্মপন না করে তবে অভিযান চালানো হবে।
বাড়িটির ভেতর থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বাড়ির মালিক উস্তার আলী জানিয়েছেন, প্রাণ’ কোম্পানির অফিসার পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন জঙ্গিরা। তিনি জানান, গত জানুয়ারিতে কাওসার আহমদ নামক এক ব্যক্তি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময়ে জানিয়েছিলেন প্রাণ কোম্পানির অডিট অফিসার হিসেবে কর্মরত তিনি। কাওসার আহমদের স্ত্রীর নাম মর্জিনা বলেও জানান উস্তার আলী।
ঢাকা-চট্টগ্রামে অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা। শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। পুলিশও কয়েক দফা গুলি ছুঁড়ে।
এদিকে, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক চলমান জঙ্গিবিরোধী অভিযানে মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, দেশব্যাপী জঙ্গিদের নেটওয়ার্ক যাতে সংগঠিত না হতে পারে সেজন্যে মিডিয়াকর্মীদের সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা ও একাধিক জঙ্গি রয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed