Main Menu

সাজনা হত্যা মামলার আসামী লিয়াকত কারাগারে

বিশেষ প্রতিনিধি: সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত আলীকে কারাগারে প্রেরন করেছে আদালত।
মঙ্গলবার বিকেলে সিলেট মেট্রোপলিটন তৃতীয় আদালতের ম্যাজিষ্ট্রেট হরিদাশ এর নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে।
লিয়াকত আলী সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁওয়ের রইছ আলীর পুত্র। গত বছরের (২০১৬ সালের) ২২জুন ভোররাতে এ হত্যাকান্ড ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত লিয়াকত আলী তিন বছর আগে বীর মুক্তিযোদ্ধা তজমুল আলীর মেয়ে সাজনা বেগমকে বিয়ে করে। তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান যার বর্তমান বয়স দেড়বছর। পরে লিয়াকত প্রেমে পড়ে যায় বেদানা আক্তার নামের এক মেয়ের। বেদনাকে বিয়ে করার উদ্দেশ্যে সে তার স্ত্রী সাজনাকে হত্যা করে। হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে তিনমাসের মাথায় প্রেমিকা বেদানাকে বিয়ে করে লিয়াকত। পরে আদালতের নির্দেশে গতবছরের ১৪ অক্টোবর এ ঘটনায় এসএমপির জালালাবাদ থানায় হত্যা মামলা {০৬(১০)১৬} হয়। মামলার পর থেকে পলাতক ছিল লিয়াকত ও তার পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রায় ৫মাস পলাতক থেকে লিয়াকত মঙ্গলবার আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

Share





Related News

Comments are Closed