Main Menu

ফিরে এলো নোকিয়া ৩৩১০

বৈশাখী নিউজ ডেস্ক: বাজার থেকে হারিয়ে যাওয়া এককালের ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মোবাইল ফোনসেট নকিয়া ৩৩১০ আবারো সদর্পে বাজারে ফিরেছে।

নকিয়ার পুনরুৎপাদিত এই সংস্করণটি বিক্রি হবে ফিনিশ স্টার্ট-আপ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের লাইসেন্সের আওতায়।
জানা যায়, ২০০৫ সালে উৎপাদন বন্ধ করার আগে এই মডেলের সাড়ে ১২ কোটির বেশি ফোনসেট প্রস্তুত করেছিল নকিয়া।

তবে এই নকিয়া ৩৩১০টি যে সেই পুরনো ৩৩১০ এর মতো হুবহু থাকছে তা নয়। গ্রাহকদের সুবিধা ও সময়কে প্রাধান্য দিয়ে পুনর্জন্ম নেয়া এই ফোনটিতে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে।

অবশ্য পুরনো ফোনটির আকৃতিসহ বেশির ভাগ জনপ্রিয় বৈশিষ্ট্যই রাখা হয়েছে অক্ষুণ্ণ, তবে সাধন করা হয়েছে উন্নয়ন। এই ফোনটিতে স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্য থাকলেও এটি মূলত একটি ফিচার ফোন।

সেই আমলে মানুষ মোবাইল ফোনে ইন্টারনেটও ব্যবহার করতে পারত না। বর্তমান সময়ের কথা মাথায় রেখে এতে সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাবে। রয়েছে একটি মাত্র ক্যামেরা যা ২ মেগাপিক্সেল ক্ষমতার। অবশ্য পুরনো ৩৩১০ এ কোনো ক্যামেরাই ছিল না।
তবে এটির ব্যাটারির ক্ষমতা সেই আগের মতোই।

প্রস্ততকারকদের বক্তব্য, একবার পুরো চার্জ দিলে এটির ব্যাটারি এক মাস পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। আর কথা বলা যাবে টানা ২২ ঘণ্টা। নতুন ৩৩১০ এর পর্দা রঙিন। পুরনো ৩৩১০ এর পর্দা ছিল সাদাকালো। এটিতে রয়েছে সেই জনপ্রিয় ‘স্নেক’ গেমটিও। তবে ক্লাসিক সংস্করণ নয়, ৩৩১০ এ খেলা যাবে স্নেক এর আধুনিক সংস্করণ।
সূত্র : বিবিসি বাংলা

Share





Related News

Comments are Closed