Main Menu

শপথ নিলেন নতুন নির্বাচন কমিশন


বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন নির্বাচন কমিশনের ৫ সদস্য। বুধবার বিকেল ৩টা ০৫ মিনিটে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এসকে সিনহা।

এর পর পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈদয় আমিনুল ইসলাম। শপথ শেষে বিকেল ৫টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করার কথা রয়েছে নতুন নির্বাচন কমিশনের।

উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠনে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে গত ১৮ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপিসহ ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২৫ জানুয়ারি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করেন রাষ্ট্র্রপতি। কমিটির অপর সদস‌্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. শিরীন আখতার।

এই কমিটি গত ২৮ জানুয়ারি থেকে গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশিষ্ট নাগরিক সহ জাতীয় ব্যক্তিত্বদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। এর আগে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে ৩১ জানুয়ারির মধ‌্যে ৫টি করে নাম প্রস্তাব করতে বলা হয়। পরে আওয়ামী লীগ-বিএনপিসহ ২৫ দল তাদের নামের তালিকা কমিটিতে জমা দেয়। ৬ ফ্রেব্রুয়ারি ওই নামের তালিকা থেকে সার্চ কমিটি ১০ জনের সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেন। ওই দিনই রাষ্ট্রপতি সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান করে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেন।

Share





Related News

Comments are Closed