Main Menu

সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল

বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ শনিবার অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।
সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এই হরতালে সমর্থন জানিয়েছে শাহজাদপুর উপজেলা প্রেসক্লাব।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেন।

হরতালের কারণে উপজেলা সদরের সকল দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, মিল-কারখানা ও যান চলাচল বন্ধ রয়েছে। সরকারি অফিস, আদালত ও ব্যাংক-বিমা খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি কম। হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সময় উপজেলা ঘুরে দেখা যায়, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করা হচ্ছে। তবে হরতাল চলাকালে শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

অপরদিকে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক।
শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল বলেন, ‘হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমরা সদা সতর্ক অবস্থায় আছি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল শুক্রবার মারা যান। শাহজাদপুরে আওয়ামী লীগ-সমর্থিত পৌর মেয়র হালিমুল হকের শর্টগানের গুলিতে তিনি মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার বেগম শুক্রবার শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এতে মেয়র হালিমুল হক, তার দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সংঘর্ষের পর পুলিশ পৌর মেয়রের লাইসেন্স করা শর্টগান জব্দ ও তার ভাইকে আটক করে পুলিশ। পৌর মেয়র পলাতক রয়েছেন।

Share





Related News

Comments are Closed