Main Menu

ইসি গঠনে নামের তালিকা দিয়েছে আ.লীগ-বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ-বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দল নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যেই ৩১টি দলকে পাঁচজন করে নাম জমা দিতে হবে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ইসি গঠনে নাম জমা দেন। এর কিছুক্ষণ আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার মন্ত্রিপরিষদ বিভাগে ৫ জনের নামের তালিকা জমা দেন। তালিকায় কাদের নাম রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে এলডিপি প্রথম নাম জমা দেয়। দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ওমর ফারুক সুমন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের কাছে নির্বাচন কমিশন গঠনে পাঁচটি নাম জমা দেন।

এরপর ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসেন, খেলাফত মজলিশের নায়েবে আমির সৈয়দ মজিবর রহমান, ন্যাপের (মোজাফফর) মহাসচিব ইসমাইল হোসেন, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ-এর প্রচার সম্পাদক জয়নুল আবেদীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহকারী দফতর সচিব বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সিনিয়র যুগ্ম মহাসচিব মতিন সাউদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) (জাসদ) সহসভাপতি হাবিবুর রহমান নাম জমা দেন। তবে কোনো দলই জমা দেওয়া নামগুলো প্রকাশ করতে চাননি।

রাষ্ট্রপতির নির্দেশে গত ২৫ জানুয়ারি ‍ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে।

Share





Related News

Comments are Closed