Main Menu

টুকেরগাঁওয়ের ভূমিখেকো আজিজ-জলিল চক্রের নির্যাতনে অতিষ্ট লোকজন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁওয়ের আব্দুল আজিজ ও আব্দুল জলিলের নেতৃত্বে গড়ে ওঠা ভূমিখেকো চক্রের নির্যাতনে অতিষ্ট হয়ে পড়েছেন স্থানীয় নিরীহ লোকজন। জামাত-শিবিরের ক্যাডারদের নিয়ে গড়ে তুলা ওই চক্র এখন বেপরোয়া হয়ে ওঠেছে। তারা অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় ইসলামপুর গ্রামের মোশাররফ হোসেনসহ নিরীহ লোকদের ভোগদখলকৃত ভূমি দখলের। এ লক্ষ্যে একের পর এক হামলা-মামলাও করছে আজিজ-জলিল চক্র।
সিলেট জেলা প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইসলামপুর গ্রামের মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় বাসিন্ধা মো. কদম আলী, আব্দুল হামিদ, বাবুল মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, পূর্বপুরুষদের বংশ পরিক্রমায় আমরা প্রায় ৫৫ বছর ধরে কোম্পানীগঞ্জের টুকেরগাঁওয়ে কিছু ভূমি ভোগদখল করে আসছি। ওই ভূমিতে একটি গুদামঘর তৈরি করে নিজেদের ব্যবসা-বাণিজ্যের মালামাল রাখছি। ইতোপূর্বে এ ব্যাপারে কেউ কোনো বাধা দেয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরে টুকেরগাঁওয়ের আব্দুল আজিজ ও আব্দুল জলিল চক্র আমাদের ভোগদখলকৃত এ ভূমি ও গুদামঘর দখলে অপচেষ্টা চালাচ্ছে।
মোশাররফ বলেন, টুকেরগাঁওয়ের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল আজিজ, আব্দুল আজিজের ছেলে রশিদুল মিয়া, কবির মিয়া, সিকান্দর আলীর ছেলে নূর মোহাম্মদ, মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল জলিল, জয়নাল মিয়া, কবির মিয়ার স্ত্রী লুপ্পি বেগম, আব্দুল আজিজের স্ত্রী জুমেলা বেগম, জয়নাল মিয়ার স্ত্রী হাজেরা বেগম, সিকান্দার আলীর মেয়ে হালিমা বেগমসহ তাদের সহযোগীদের সমন্বয়ে একটি সশস্ত্র ভূমিখেকো চক্র ও লাঠিয়ালবাহিনী গড়ে ওঠেছে। ওই চক্র এলাকার নিরীহ লোকদের ভোগদখলকৃত ভূমি জবর দখল করছে। চালিয়ে যাচ্ছে জুয়া, মাদক ব্যবসাও। এছাড়া তাদের চক্রের সদস্যরা চাঁদাবাজি ও অশালীন ব্যবসায়ও জড়িত।
তিনি বলেন, আজিজ-জলিল চক্রের বিরুদ্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে সোচ্চার হলে ওই চক্রের সদস্যরা আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা নিরীহ লোকদের বিরুদ্ধে বিভিন্ন কুটকৌশল চালাতে থাকে। এক পর্যায়ে দখলের অপচেষ্টা চালায় আমাদের ভোগদখলকৃত ভূমি ও গুদম ঘরটি। মোশাররফ বলেন, গত ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে ভাই-ভাতিজাকে সাথে নিয়ে আমি গুদাম ঘরটি মেরামত করতে গেলে আজিজ ও জলিলসহ তাদের সশস্ত্র লোকজন আমাদের উপর হামলা চালায়। এতে আমার ভাই কামাল হোসেনসহ ২/৩ জন আহত হন। কিন্তু এতেও ক্ষান্ত হয়নি ওই দুষ্টচক্র। তারা আমাদের ঘরে ব্যাপক ভাঙচুর করার পর জিনিসপত্রও লুটপাট করে। এসময় আমাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর এ মামলা করার কারণে তারা মিথ্যা অভিযোগে থানায় একটি মামলা করেছে আমাদের বিরুদ্ধে।
মোশররফ বলেন, আজিজ-জলিল বাহিনী স্থানীয় ‘শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজ’ এর ভূমিও অবৈধভাবে দখল করেছিল। তবে উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলীসহ এলাকাবাসীর জোরালো পদক্ষেপের কারণে শেষপর্যন্ত সেই জায়গা ছাড়তে বাধ্য হয় ওই ভূমিখেকো চক্র। আর এতে ব্যর্থ হয়ে আজিজ-জলিল ও তাদের সহযোগীরা বিভিন্ন অপপ্রচার চালাতে থাকে এলাকার সরলপ্রাণ মানুষের বিরুদ্ধে। তিনি বলেন, জুয়া, মাদক ব্যবসা ও অশালীন কার্যকলাপের কারণে আজিজ-জলিল চক্রের একাধিক সদস্যকে ইতোপূর্বে পুলিশ গ্রেফতারও করেছে। কিন্তু এরপরও তারা থামেনি। চালিয়ে যাচ্ছে এসব অবৈধ কাজ। ফলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে স্থানীয় যুবসমাজ।
ভূমিখেকো আজিজ-জালাল চক্রের নির্যাতন থেকে নিরীহ লোকজনকে রক্ষার জন্য দ্রত ওই চক্রের সদস্যদেরকে গ্রেফতার করে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন মোশাররফ হোসেন।

Share





Related News

Comments are Closed