Main Menu

খালেদ জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা

বৈশাখী নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দীকি এ মামলাটি করেন।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে শাহবাগ থানার ওসিকে আগামী ২২ ফেব্রুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া অভিযোগ করেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধান মন্ত্রিত্ব।

তিনি বলেন, জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ায় এদেশের জনগণ যুদ্ধে নেমেছিল।

বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নতির নামে চলছে দুর্নীতি, লুটপাট, হত্যা ও গুম। তারা পুলিশ বাহিনী দিয়ে ভালো ভালো লোকদেরকে গ্রেফতার করে গুম ও হত্যা করেছে। পরে ২ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে এনিয়ে প্রতিবেদন ছাপা হয়।

এবি সিদ্দিকী অভিযোগ করেন, বঙ্গবন্ধুর ইতিহাস লঙ্ঘন করে যুব সমাজের কাছে বিতর্কিতভাবে তাকে হেয় করে মানহানিকর অপরাধ করেছেন খালেদা জিয়া। এ কারণে তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করেন।

Share





Related News

Comments are Closed