নায়ক রাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: কালজয়ী অভিনেতা, প্রযোজক ও পরিচালক নায়ক রাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন আজ সোমবার (২৩ জানুয়ারি)। ওই দিন তাকে ঘিরে থাকছে পৃথক পৃথক নানা আয়োজন। পারিবারিকভাবে তার জন্মদিনের আয়োজন শুরু হয় রাত বারোটার পরেই।
তার পুরো দিনটিই কাটবে নানা আয়োজনের মধ্যে দিয়ে টিভি চ্যানেলে ও চলচ্চিত্রের মানুষদের সাথে। কিংবদন্তি এ নায়কের জন্মদিন উপলক্ষে ২৩ জানুয়ারি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বেলা সাড়ে ১২টায় নায়করাজের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘তারকাকথন সরাসরি’, অনুষ্ঠানটি পরিচালনা করবেন অনন্যা রুমা। বেলা ১টায় রাজ্জাক অভিনীত ছবির গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’, পরিচালনায় এস আরমান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘পিতার আসন’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে রাজ্জাকের অংশগ্রহণে ‘আমার ছবি’র বিশেষ পর্ব, উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী।
এদিকে সোমবার সন্ধ্যায় এফডিসিতে তার জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা আছে। পরিচালক সমিতির সহ সভাপতি রবিবার বিকেলে পরিবর্তন ডটকমকে বলেন, ‘নায়ক রাজ রাজ্জাকে আমাদের চলচ্চিত্রাঙ্গনের এক অনন্য সম্পদ। তার জন্মদিনকে ঘিরে এফডিসিতে একটি আয়োজনের কথা রয়েছে। আমি যতদূর জানি এফডিসির পরিবর্তে তার বাসাতেও হতে পারে আয়োজনটি।’
১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা। বাবা আকবর হোসেন ও মা মিরারুন্নেসার কনিষ্ঠ সন্তান আব্দুর রাজ্জাক। তার অভিনয় জীবনের শুরুটা কলকাতার মঞ্চ নাটক থেকে হয়। তিনি ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান।
সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে ‘কার বউ’, ‘ডাক বাবু’, ‘আখেরী স্টেশন’সহ আরও বেশ ক’টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন। পরে ‘বেহুলা’ চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এ পর্যন্ত মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ছবিগুলো হলো কি যে করি (১৯৭৬), অশিক্ষিত (১৯৭৮), বড় ভাল লোক ছিল (১৯৮২), চন্দ্রনাথ (১৯৮৪), যোগাযোগ (১৯৮৮)।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed