Main Menu

সিলেটে লেগুনা উল্টে ১২ কলেজ ছাত্রী আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ইউনিয়নের ফাঁসির গাছ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় কুরুয়া-নাজিরবাজার ও রশিদপুর এলাকার কলেজগামী শিক্ষার্থীরা তাদের নির্ধারিত লেগুনা যোগে কলেজ অভিমুখে আসার পথে ফাঁসির গাছ এলাকায় পৌঁছামাত্র লেগুনার টায়ার পাংচার হয়ে গেলে গাড়িটি উল্টে যায়। এতে কলেজের ১২ জন ছাত্রী আহত হন। এদের মধ্যে নাজির বাজার সয়ফুল আলমের মেয়ে লিলি, তাতিকোনা গ্রামের আপ্তাব আলীর মেয়ে তানজিনা, ধর্মদা গ্রামের নূর আলীর মেয়ে লুবনা, সাধু গ্রামের মনির মিয়ার মেয়ে ফারজানা, ঝাঝর গ্রামের আব্দুর রহমানের মেয়ে হালিমা, তাতিকোনা গ্রামের আব্দুন নূরের মেয়ে রুনা এবং কুরুয়া গ্রামের কছির মিয়ার মেয়ে রোজিনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭জন ওসমানী হাসপাতালে এবং বাকীরা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
খবর পেয়ে কলেজের প্রিন্সিপাল নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি ও নকশি বাংলা সম্পাদক সালেহ আহমদ হোসাইন চিকিৎসাধীন ছাত্রীদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন। দুর্ঘটনার পর দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দক্ষিণ সুরমা থানার ওসি এস এম আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed