Main Menu

সিলেটে শুরু হয়েছে ইজতেমা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শুরু হয়েছে তাবলীগ জামাতের বড় আয়োজন জেলা ইজতেমা। বৃহস্পতিবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে পাশে লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের এ জমায়েত শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ ইজতেমার সমাপ্তি হবে। আয়োজকরা ধারণা করছেন ইজতেমার সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন।
ইজতেমা উপলক্ষে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় সাড়ে ১৫ লাখ বর্গ ফুট আয়তনের বিশাল প্যান্ডেল নির্মাণসহ মাঠ প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে আগত মুসল্লিদের ১১টি খিত্তায় ভাগ করে দেওয়া হয়েছে। বিদেশী অতিথিদের জন্য তিনটি আলাদা পাকা শেড নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের ওজু-গোসলের জন্য ১১ টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পিডিবির পক্ষ থেকে ইজতেমা ময়দানে ২টি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। এছাড়া সিভিল সার্জনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে ইজতেমা ময়দানে। অসুস্থদের জরুরিভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হিসেবে আল মারকাজুল খায়েরী আল ইসলামীর অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক ইজতেমা মাঠে থাকবে। রেডক্রিসেন্টের পক্ষ থেকেও একটি হেলথ ক্যাম্প খোলা হয়েছে। পয়:নিষ্কাশনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় দুই হাজার লেট্রিন। বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেখানে একটি ক্যাম্প, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।
সিলেটে এর আগে ১৯৬৫ ও ১৯৮৪ সালে সুরমা নদীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল মাঠে অনুষ্ঠিত হয়েছিল ইজতেমার জমায়েত অনুষ্ঠিত হয়েছিলো।
গাজীপুরের টঙ্গীতে প্রতিবছর তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে কয়েক বছর ধরে দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তাতেও স্থান সংকুলান না হওয়ায় বিশ্ব ইজতেমার পাশাপাশি পর্যায়ক্রমে অঞ্চলভিত্তিক ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয।

Share





Related News

Comments are Closed