Main Menu

খাদিজা হত্যাচেষ্টা মামলায় সাক্ষী দিলেন চিকিৎসক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন ডা. রেজাউস সাত্তার। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তিনি সাক্ষ্য প্রদান করেন।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্ঠা মামলায় ৩৬ জন সাক্ষীর মধ্যে তিনদিনে ৩৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। আগামী ০৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করে ওই দিন ভিকটিম খাদিজাকেও আদালতে হাজির করার নির্দেশ দেন। চিকিৎসরা ছাড়পত্র দিলে তাকে ওইদিন আদালতে আনা হবে।

গত ০৫ ডিসেম্বর ওই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।

ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

গত ৫ অক্টোবর দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এছাড়ার ঘটনার পর শাবি থেকে চিরতরে বহিষ্কার করা হয় বদরুলকে।

 

 

Share





Related News

Comments are Closed