Main Menu

সিলেটে ৫টি ডায়াগনিস্টক সেন্টারকে ১৭ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে ১৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করে দেয়া হয়েছে স্টেডিয়াম পাড়ার নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। একই সাথে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত।
নগরীর বিভিন্ন স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে অভিযান চলছে গত দুদিন ধরে। শনিবার সন্ধ্যা পর্যন্ত মীরের ময়দান ও স্টেডিয়াম মার্কেটে অভিযান চালানো হয়। দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এর নেতৃত্বে ও স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ রোগ নির্ণায়ক রাসায়নিক উপাদান (রি এজেন্ট) ব্যবহার করা, চিকিৎসকের স্বাক্ষর জাল করে রির্পোট প্রদান, মানবিক বিভাগ থেকে এস এস সি ও এইচ এস সি পাস করা অদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফির মত গুরুত্বপূর্ণ টেস্ট করা, অপরিষ্কার প্যাথলজি বিভাগ ও বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়ে ম্যানেজারকে এক বছর ও ল্যাব টেকনিশিয়ানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া, মীরের ময়দানের শাহজালাল মেডিকেল সার্ভিসের ম্যানেজারকে ৮ লাখ টাকা, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মোঃ বদরুল হককে ৪ লাখ টাকা, স্টেডিয়াম মার্কেটের দি প্যাথলজি ল্যাব এর এমডি তারিকুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা, জালালাবাদ প্যাথলজি সেন্টারের মালিককে ১ লাখ ৭৫ হাজার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টারের এমডি মো: সাইদুল ইসলামকে ১ লাখ ৫০ টাকাসহ সর্বমোট ১৬ লাখ ৭৫ টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ ও জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম গণমাধ্যমকে বলেন, আমরা এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন চিকিৎসকের নামে ছয় রকমের স্বাক্ষরও পেয়েছি। সবখানেই মেয়াদ উত্তীর্ণ সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামাদি ব্যবহার করে সঠিক রিপোর্ট তো আসবেই না বরং রোগীরা আরো রোগাক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।
এদিকে, এর আগে গত ১ ডিসেম্বর সিলেটে মেডিনোভা মেডিক্যাল সার্ভিস ও হেলথ কেয়ার ক্লিনিক, ফার্মেসিসহ পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

 

 

Share





Related News

Comments are Closed