Main Menu

মুক্তি পাচ্ছেন মেয়র আরিফ, বিস্ফোরক মামলায়ও জামিন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক মামলায়ও জামিন পেলেন সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ রোববার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিষ্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর কিবরিয়া হত্যা মামলায় জামিন পান আরিফুল হক। এই আদেশের ফলে আরিফুল হক চৌধুরীর মুক্তিলাভে আর কোন বাধা রইল না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. মো. বশিরউল্লাহ জানান, জামিনের জন্য আরিফুল হক আবেদন করলে আদালত তাকে জামিন দিয়েছেন। আপিল আবেদনের নিষ্পত্তি না হওয়া পযর্ন্ত তিনি জামিনে থাকবেন। তবে হাইকোর্টের এ জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানান, রাষ্ট্রপক্সের আইনজীবী
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরীকে গত ৬ সেপ্টেম্বর স্থায়ী জামিন দেন হাইকোর্ট। পরবর্তিতে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের জামিন বহাল রাখেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। নিহত অন্যরা হলেন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে হত্যা মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং বিস্ফোরক মামলাটি হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। আরিফুল হক বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী আছেন। মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে আরিফুল হককে আসামি করা হয়।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এরমধ্যে মায়ের অসুস্থতার মানবিক কারনে চলতি বছরের ২২ মার্চ ১৫ দিনের জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে ১০ এপ্রিল আদালতে হাজির হলে পুনরায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed