Main Menu

খাদিজা হত্যা প্রচেষ্টা মামলার চার্জশিট দাখিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সরকারী মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যা প্রচেষ্টা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কাজী আব্দুল হান্নানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এস আই হারুনুর রশীদ এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামী করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসা সাংবাদিকদের জানান, সব কিছু চুলছেরা বিশ্লেষণ করে আলোচিত এ মামলাটির চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি বলেন, এ মামলায় ৩৬ সাক্ষী রাখা হয়েছে। এর মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা।
মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুস চার্জশিট দাখিল করায় সন্তোষ প্রকাশ করেন। বদরুলের সর্বোচ্চ শাস্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত ৩ অক্টোবর এমসি কলেজের ক্যাম্পাসের পুকুরপাড়ে সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে (২২) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৪)।
এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামী করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮।
গত ২৩ অক্টোবর আদালত এ মামলার চার্জশিট ১৫ নভেম্বরের মধ্যে দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার ১৫ দিন পর আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হলো। আগামী ১৫ নভেম্বর মামলাটির ধার্য তারিখ রয়েছে।
খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছেন।
খাদিজার উপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি ওঠে সর্বত্র। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে সরকারের উচ্চ মহল থেকেও বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।
খাদিজার উপর হামলার পরপরই বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এমসি কলেজের শিক্ষার্থীরা। এরপর আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল।
হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খাদিজার অবস্থা এখন উন্নতির পথে।
সরকারের পক্ষ থেকে খাদিজার চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে।
হামলার পরদিন খাদিজার চাচা বাদী হয়ে নগরীর শাহপরান থানায় বদরুলকে একমাত্র আসামী করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed