Main Menu

মেয়র আরিফকে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার দুপুরে তাকে কারাগারে নেয়া হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুস সগির মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি দেখে ছাড়পত্র দিয়েছেন। ফলে তাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে আসা হয়।
এর আগে কারাবন্দি অবস্থায় গত ২৬ সেপ্টেম্বর তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালে তার চিকিৎসার্থে মেডিকেল বোর্ড গঠন করে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
তিন দফা তদন্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যে মায়ের অসুস্থতায় মানবিক কারণে চলতি বছরের ২২ মার্চ ১৫ দিনের জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে ১০ এপ্রিল আদালতে হাজির হলে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed