Main Menu

ছাতকে সহপাঠির ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (২২) জাউয়াবাজার ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরগাঁও গ্রামের কাঁচা মিয়ার পুত্র। ঘটনার পর ঘাতক আক্কাস আলীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
ঘাতক আক্কাছ আলীর বাড়ি ছাতকের চরমহল্লা ইউপির ছনুয়া গ্রামে। আল-আমিন কলেজের নিকবর্তী দেবেরগাঁও গ্রামে আত্মীয় বাড়ি থেকে লেখাপড়া করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার জাউয়া কলেজ ক্যাম্পাসে তুচ্ছ বিষয় নিয়ে আল-আমিন ও আক্কাছ আলীর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে সোমবার সকালে কলেজে এসে অধ্যক্ষ আব্দুল গাফ্ফারের কাছে আল-আমিনের বিরুদ্ধে বিচার প্রার্থী হয় আক্কাছ আলী। অধ্যক্ষ বিষয়টি নিষ্পত্তির পরও আল-আমিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে বড়কাপন পয়েন্টে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ঘাতক আক্কাছ আলীর নেতৃত্বে তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করলে কৈতক হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক আক্কাসকে আটক করেছে। তবে তার সঙ্গীরা পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ আব্দুল গাফফার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তুচ্ছ ঘটনাকে এ পর্যায়ে নিয়ে আসা সঠিক হয়নি। তবে তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য গত ২৫ আগষ্ট একই কলেজের ছাত্র ও উপজেলার দক্ষিণ খুরমা ইউপির সেনপুর গ্রামের রইছ আলীর পুত্র রিমন আহমদকে দূর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

Share





Related News

Comments are Closed