Main Menu

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলার প্রধান আসামী টাইগার সাদ্দাম গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সিনিয়র সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেন ওরফে টাইগার সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বন্দর বাজারস্থ হাসান মার্কেটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়েজ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজার হাসান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে টাইগার সাদ্দামকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, টাইগার সাদ্দামের বিরুদ্ধে শাহপরান থানায় হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে ১৮ এপ্রিল রাত সাড়ে ১০টায় সাংবাদিক ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক মোটর সাইকেল যোগে (নং সিলেট-হ-১১-২৮৭৫) নিজ বাসা চৌকিদেখীতে ফিরছিলেন। তারা নগরীর শাহী ঈদগাহ শাহ মীর (রঃ)’র মাজারের সামনে পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ফতেহ ওসমানীকে উপর্যুপরি কুপিয়ে তার হ্যান্ড ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে সাংবাদিক ফতেহ ওসামানীকে ঢাকার এ্যাপলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহত সাংবাদিক ফতেহ ওসমানীর ছোট ভাই আল ফরহাদ মতিন বাদী হয়ে টাইগার সাদ্দাম ও কাশেম আলীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৯৯ (২১-০৪-১০)। দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আলীম ২০১২ সালের ১৯ জুলাই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০১৩ সালের ২১ এপ্রিল থেকে আদালতে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

Share





Related News

Comments are Closed