Main Menu

ছেলেসহ রাগিব আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আদালতে হাজির না হওয়ায় আরো একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে।
রোববার (৯ অক্টোবর) সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এ পরোয়ানা জারি করেন।
পলাতক থাকা অবস্থায় সিলেট থেকে প্রকাশিত স্থানীয় ‘দৈনিক সিলেটের ডাক’ এ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম ব্যবহার করায় মামলাটি করা হয়েছিলো।
রোববার মামলাটির নির্ধারিত তারিখে উপস্থিত হননি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই।
৮ সেপ্টেম্বর দায়ের করা মামলায় সিলেট নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা ও ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার অভিযোগ করেছিলেন, জালিয়াতির দায়ে গ্রেফতারী পরোয়ানা জারির পর পত্রিকার প্রকাশক রাগীব আলী ও সম্পাদক আবদুল হাই পালিয়ে ভারত চলে গেলেও পলাতক অবস্থায় তাদের পরিচয়ে পত্রিকা প্রকাশের মাধ্যমে প্রতারণা করে চলেছেন।
প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা বাগানের প্রায় হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে দখলে রেখে বিক্রি ও স্থাপনা নির্মাণ করেছিলেন রাগীব আলী। জালিয়াতির মাধ্যমে ভূমি দখলের বিষয়টি প্রমাণিত হওয়ায় উচ্চ আদালত ৬ মাসের মধ্যে চা বাগানটি দখলমুক্ত করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন। একইসাথে চা বাগান ধ্বংস করে গড়ে ওঠা সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনাও দেন আদালত। শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের দায়েরকৃত এক রিট পিটিশনের প্রেক্ষিতে আপিল বিভাগের চার বিচারক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১৯ জানুয়ারি এ রায় ঘোষণা করেছিলেন। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গত ১৫ মে বাগানটি রাগীব আলীর দখলমুক্ত করে সেবায়েত ডা. পঙ্কজ কুমার গুপ্তের কাছে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। তবে বাগান এলাকায় গড়ে উঠা মেডিক্যাল কলেজ, হোস্টেল ও আবাসিক স্থাপনার দখল রাগীব আলীর কাছেই থেকে যায়। আদালতের নির্দেশে রাগীব আলীর বিরুদ্ধে ভূমি জালিয়াতির দায়ে থাকা দুটো মামলাও সচল হয়। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি মামলায় ১০ জুলাই রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আলোচিত এ দুটি মামলায় ১০ আগস্ট শিল্পপতি রাগীব আলী ও বাগানের সেবায়েত পঙ্কজকুমারসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেফতার এড়াতে ঐ দিনই পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।

 

 

 

 

Share





Related News

Comments are Closed