Main Menu

বদরুলের শাস্তি দাবিতে খাদিজার গ্রামে বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন খাদিজার নিজ এলাকা সিলেট সদর উপজেলার হাউসা গ্রামবাসীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার জাঙ্গাইল থেকে হাউসা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধ করে। মানববন্ধনটি এক পর্যায়ে জনসমাবেশে রুপ নেয়।
এ কর্মসূচির কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার থেকে লামাকাজি অংশে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টায় কর্মসূচি শেষ হলে বেলা সাড়ে ১২টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে খাদিজার নিজ নিজ প্রতিষ্ঠান সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়, লামাকাজি রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়, ফতেহপুর কামিল মাদ্রাসা, পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
sylhet-01সমাবেশে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির,সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী নিজাম উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা শাহ জামাল নুরুল হুদা ও আব্দুল আজিজ প্রমুখ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
আন্দোলনকারী শাহ জামাল নূরুল হুদা জানান, বদরুলের বিচার না হওয়ার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অপরাধী যাতে কোনভাবে পার না পায়-সে লক্ষ্যেই তারা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
এসএমপি’র জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, মানববন্ধনের কারণে এ সড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ কর্মসূচিতে ৬/৭ হাজার লোক অংশ নেয় বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed