Main Menu

কমলগঞ্জে চা বাগান থেকে লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান প্লান্টেশন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আলীনগর চা বাগান ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় চা শ্রমিকরা কাজে যাবার পথে আলীনগর চা বাগান কারখানা ও নাচঘরের মধ্যবর্তী স্থানের চা গাছের গুড়ায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে।
সরেজমিন গিয়ে দেখা যায়, লাশের গলাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে গভীর রাতে ঘাতক চক্র তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে।
নিহতের নাম বাদশাহ মিয়া (৫৫)। তিনি শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা গ্রামের জমির মিয়ার ছেলে। পরিবারে তার স্ত্রী ছাড়াও একটি পালক কন্যা রয়েছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম চা বাগান প্লান্টেশন এলাকায় বাদশাহ মিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
কমলগঞ্জ থানার সিনিয়র উপ-পরিদর্শক (২য় কর্মকর্তা) আল মামুন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed