Main Menu

কানাইঘাটে ৫ মানব পাচারকারীকে সাজা

আলিম উদ্দিন আলিম, কানাইঘাট (সিলেট) থেকে : কানাইঘাটে মানব পাচারকারীর মূলহোতা ও দালালসহ ৫জনকে গ্রেফতার করেছে বিজিবি। গত সোমবার রাত সাড়ে ১১টায় ডোনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মামুন রশিদের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান অভিযান চালিয়ে সীমান্তের ১৩৩৮ নং পিলারের ২৫০ গজ বাংলাদেষ অভ্যন্তরে রতনগোল গ্রামের মানব পাচারকারী দালাল আব্দুল কাদিরের বাড়ি থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মানব পাচারকারী দলের মূলহোতা উপজেলার ৫নং বড়চতুল ইউপির কুড়ারপাড় গ্রামের মৃত রাসেদ আলীর পুত্র ফরিদ উদ্দিন (৫০), সীমান্তের পার্শ্বে রতনগোল গ্রামের আক্কা দুশের পুত্র দালাল আব্দুল কাদির (২৭), পাচারকারীর জালে আটক লখাইর গ্রামের মৃত আব্দুল মুতলিবের পুত্র আনোয়ার হোসেন (২৫), বড়বন্দ ৩য় খন্ডের মৃত বাবুল আহমদের পুত্র রামিম আহমদ (২৪), একই গ্রামের জিয়াউল হকের পুত্র ফখরুল ইসলাম (২৭)।
পরদিন মঙ্গলবার তাদেরকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে সুবেদার মামুন রশিদ জানান, মানব পাচারকারীর মূলহোতা ফরিদ উদ্দিন এ পর্যন্ত বহু লোককে ভারতে পাচার করেছে। সে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবকদের ভারতে চাকরীর লোভে ফেলে দালাল কাদিরের হাতে তুলে দেয়। আর দালাল কাদির ভারতে এদের অবৈধ ভাবে প্রবেশ করিয়ে তার চক্রের লোকদের কাছে বিক্রি করে ফেলে।
এদিকে পাচারকারীর মূলহোতা ও দালালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সে কোন সদক্তোর দিতে পারেনি। তবে পাচারের জালে আটক আনোয়ার, রামিম, ফখরুল বলেন তাদেরকে বেশী বেতনে ভারতে চাকরী দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে এসেছে ফরিদ উদ্দিন। এমনকি যাতায়াতের খরচ ও ফরিদ বহন করবে। ভারতে গিয়ে রুজি করে তাকে জন প্রতি বাংলাদেশী ১৫ হাজার টাকা করে দিতে হবে। এ বিশ্বাসে তারা বাড়ি থেকে বেরিয়েছে। এ সময় মূলহোতা ও দালালের কাছ থেকে ভারতীয় রুপীসহ প্রায় বাংলাদেশী ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মানব পাচারকারীর মূলহোতা ফরিদ উদ্দিন ও দালাল কাদিরকে ৬ মাস এবং ভারতে অবৈধ ভাবে প্রবেশের দায়ে পাচারকারীর জালে আটক ৩ যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে পুলিশের হাতে তুলে দিলে কানাইঘাট থানা পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

Share





Related News

Comments are Closed