Main Menu

সাবধান : ক্লিক করার আগে ভাবুন

তথ্য প্রযুক্তি ডেস্ক: একজন নামকরা ব্যক্তির ছবি সম্বলিত একটি ফেসবুক একাউন্ট থেকে মনিকার (ছদ্মনাম) কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। মনিকা যথারীতি তা গ্রহণ করে। কিছুক্ষণ পর মনিকার ইনবক্সে একটি ইমেজ ফাইল আসে। সাথে মেসেজে লেখা ‘হাই মনিকা, দেখতো এটা তোমার ছবি না?’ মনিকা ক্লিক করে দেখে ফাইলটিতে কিছুই নেই। প্রতিউত্তরে মনিকা ওই লোকটিকে কিছু না পাওয়ার কথা জানালে লোকটি উত্তর দেয় ‘ না, ফাজলামো করলাম।’ এরপর মনিকা লোকটিকে হাজার বার মেসেজ পাঠিয়েও প্রতিউত্তর পায় না। পাবে বা কি করে? ইনবক্সে আসা ইমেজ ফাইলটি ক্লিক করার পর পরই তো মনিকার ফেসবুকের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই লোকটি। সে এখন মনিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ঘাটছে আর সুযোগ খুঁজছে কি উপায়ে লাভবান হওয়া যায়।

মেসেজ ইনবক্সে আসা ইমেজ ফাইলটি আসলে ইমেজ ফাইল নয়, ওটা হ্যাকারের একটি টুল। এটা হ্যাকিংয়ের প্রাথমিক পর্যায়ের টুল। ওই ফাইলটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপরপাশের কম্পিউটার দখলে নেয় হ্যাকার। তাই অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া কোনো ইমেজ কিংবা ভিডিও ফাইলে ক্লিক করা থেকে বিরত থাকুন।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ফেসবুকে হ্যাকাররা আবারো সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকের ইনবক্সে বিভিন্ন ধরণের ফাইল আসছে। সাম্প্রতিক সময়ে ভিডিও ফাইলের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। ওই ফাইলে ক্লিক করা মাত্রই আপনার ফেসবুকের যাবতীয় তথ্য হ্যাকার পেয়ে যাবে।

এরপর হ্যাকার আপনার ফেসবুক বন্ধুদের কাছে আজেবাজে ছবি, ভিডিও পাঠিয়ে আপনার ইমেজ নস্ট করবে, কোনো হ্যাকার (দেশীয়) আপনার ফেসবুক বন্ধুদের কাছে টাকা চাইবে, কেউবা আপনার কম্পিউটারের পুরো দখলদারিত্ব নিয়ে যাবতীয় তথ্য চুরি করে আপনার দীর্ঘ মেয়াদী ক্ষতি করতে পারে।

গত কয়েকদিনে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এমন অসংখ্য খবর নজরে এসেছে। বিষয়টি নিয়ে ফেসবুকেও প্রচার প্রচারণা চলছে। অনেকে পরামর্শ দিচ্ছেন এ পরিস্থিতি থেকে পরিত্রান পাওয়ার উপায় সম্পর্কে।

Share





Related News

Comments are Closed