Main Menu

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১ সেপ্টেম্বর শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সৈয়দ শামসুল হক। এরপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

বেশ ক’দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সৈয়দ শামসুল হক। চার মাস আগে লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে তার ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। সেখানে ক্যানসারের চিকিৎসায় তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়।

চিকিৎসায় উন্নতি না হওয়ায় লন্ডনের চিকিৎসকরা সৈয়দ হককে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিলে দেশে ফেরেন এই সব্যসাচী লেখক।

১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া সৈয়দ হক কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়।

সাহিত্যে অবদানের জন্যে সৈয়দ হককে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়।

কবি ও চিকিৎসক ড. আশরাফ জুয়েল জানান, হাসপাতাল থেকে সৈয়দ হকের মরদেহ তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে লাশের গোসল শেষে জানাজা হবে। রাতে কফিন রাখা হবে হাসপাতালের হিমঘরে।

শ্রদ্ধা নিবেদনের জন‌্য বুধবার সকাল ১০টায় কবির কফিন নিয়ে যাওয়া হবে বাংলা একোডেমি প্রাঙ্গণে। বাংলা একাডেমি থেকে বেলা ১১টায় সৈয়দ হকের কফিন নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শেষবারের মত বিদায় জানাবে সব‌্যসাচী এই লেখককে।

বুধবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ‌্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর হবে।

গতবছর নভেম্বরে কলেজ চত্বরে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা ও সাহিত্যকথন অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক তার এই শেষ ইচ্ছার কথা জানান। কলেজ কর্তৃপক্ষ সে সময়ই সরকারের অনুমোদন নিয়ে লেখকের ইচ্ছার প্রতি সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কবির মৃত্যুর পর শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।

 

Share





Related News

Comments are Closed