Main Menu

গ্যাসের চুলার বিকল্প হিসেবে সাশ্রয়ী ম্যাজিক চুলা

বৈশাখী নিউজ ডেস্ক: চাহিদা আর যোগানের অসামঞ্জস্যতায় তৈরি হয় নানান সমস্যা। এ ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে বিকল্প কোনো ব্যবস্থা। গ্যাস সঙ্কটের কথা ইদানিং বেশ শুনতে পাওয়া যাচ্ছে। ইলেকট্রিক চুলা হতে পারে গ্যাসের চুলার অন্যতম বিকল্প। কিন্তু এই ধরনের চুলার ব্যবহারও কিছুটা শহরকেন্দ্রিক।

এক্ষেত্রে গ্রামাঞ্চলের দিকে ম্যাজিক চুলা সবচেয়ে ভাল বিকল্প হতে পারে। ম্যাজিক চুলা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরিকৃত চুলা যা একপ্রকার সস্তা জ্বালানি দিয়ে ব্যবহার করা হয়। এই চুলা যেমন জ্বালানি এবং অর্থ সাশ্রয়ী তেমনি পরিবেশবান্ধবও। খুব অল্প খরচে যে কেউ এই চুলা তৈরি করতে পারে।

অন্য যেকোন চুলার মতো এই চুলায় ধোঁয়া হয় না। তাই রান্নার সময় কোন অস্বস্তি তৈরী করেনা। মাত্র ৪৫ টাকার তুষ দিয়ে তৈরি, এক ধরনের লাকড়ি প্রয়োজন হয় এর জ্বালানি হিসেবে।

ম্যাজিক চুলা তৈরির কৌশল খুব সহজ বিধায় পরস্পরের কাছ থেকে শিখে নেয়া যায়। তাই যে কেউ চাইলেই কোন বিশেষ প্রশিক্ষণ ছাড়াই ম্যাজিক চুলা তৈরী করতে পারবে। সবচেয়ে বড় সুবিধা হল, এর উপকরণ খুব সহজেই স্থানীয়ভাবে পাওয়া যায়। লাকড়ি চুলা হলেও এই চুলায় আগুন নিয়ন্ত্রণ করা খুব সহজ। চারিখোলের (লাকড়ি) পরিমান কমিয়ে ও বাড়িয়ে আগুন কমানো বাড়ানো যাবে। এই সব সুবিধার জন্যই ম্যাজিক চুলা স্বল্প আয়ের মানুষদের জন্য হতে পারে আশীর্বাদ স্বরূপ।

ম্যাজিক চুলা তৈরিতে যা যা লাগবে-
# আড়াই কেজি চিকন লোহার রড়
# লোহার নেট পরিমাণমত
# তিনফুট বা আড়াই ফুট উচ্চতার প্লাস্টিক পাইপ
# সমউচ্চতার চিকন একটি কলা গাছ যেটি নল হিসেবে ব্যবহার করা হবে
# কিছু ইটের খোয়া
# দুই কেজি সিমেন্ট

তৈরির পদ্ধতি
চুলাটি তৈরির জন্য প্রথমে খাঁচা তৈরি করে ইট, বালি সিমেন্ট একসঙ্গে মিশিয়ে এর ভিতর ঢেলে দিতে হবে। শুকনো বা জমাট বাঁধার পর কলার গাছের টুকরোটি বের করে ফেলে দিলেই তৈরি হয়ে যাবে ম্যাজিক চুলা। এটি ইচ্ছামত যেকোন জায়গায় বসিয়ে রান্নার কাজে ব্যবহার করা যায়। একটি বড় সাইজের ম্যাজিক চুলা তৈরিতে ৫০০-৬০০ টাকার মত খরচ হয়।

ম্যাজিক চুলা তৈরি যেমন সহজ তেমনি এর আছে নানা সুবিধা। সাশ্রয়ী হওয়ায় চায়ের দোকানগুলোতেই এর চুলার ঠায় বেশী হলেও এই চুলা ব্যবহার করে যে কেউ খুব সহজে সল্প অর্থে তার জ্বালানির চাহিদা মিটাতে পারবে।

Share





Related News

Comments are Closed